রাজশাহীর পদ্মা নদীতে একটি ডিঙ্গি নৌকা ডুবে বাবা ও ছেলে নিখোঁজ হয়েছেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়কুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা দেড়টার দিকে মহানগরীর বড়কুঠি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে—কাফসার (৬০) ও তার ছেলে জিয়ারুল (৪০)। তারা উভয়েই মহানগরীর শ্যামপুর বালিরঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে আটজন ব্যক্তি একটি ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। নৌকাটি যখন বড়কুঠি এলাকার পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছায়, তখন তীব্র স্রোতের কবলে পড়ে সেটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ছয়জন ব্যক্তি সাঁতরে তীরে উঠতে পারলেও কাফসার ও জিয়ারুল নিখোঁজ হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
নিখোঁজ কাফসারের স্ত্রী জানান, "প্রতিদিনের মতো কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। নদীর মাঝখানে তীব্র স্রোতের কারণে নৌকাটি তলিয়ে যায়। এরপর থেকেই তার স্বামী ও ছেলে নিখোঁজ রয়েছেন।"
তিনি তাদের দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন। এদিকে রাজশাহীতে থেমে থেমে বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। তা সত্ত্বেও নৌকার সাহায্যে নদীর বিভিন্ন পয়েন্টে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
এই বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক বলেন, "কতজন নিখোঁজ রয়েছেন তার স্পষ্ট সংখ্যা না থাকলেও স্থানীয়রা দুজনের কথা জানিয়েছেন। তাদের উদ্ধারে ছয় সদস্যের একটি ডুবুরি দল কাজ করছে। উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।"