পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, "নির্দোষ হয়েও আজ আমি অপরাধী। সারাজীবন অন্যায়, হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে কথা বলেছি; অথচ আজ আমাকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন এবং আমার নারায়ণগঞ্জবাসী আছে—একদিন সত্য প্রতিষ্ঠিত হবেই এবং বিচার অবশ্যই পাওয়া যাবে।"

সংক্ষিপ্ত এই প্রতিক্রিয়ার পর তিনি দ্রুত গাড়িতে করে দেওভোগে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।

আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, গত বছর আইভীকে গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার অভিযোগে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল মঙ্গলবার। বর্তমানে জামিনে থাকা আইভী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত সময়ে আদালতে হাজিরা দিয়েছেন।

আইভীর আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে প্রাঙ্গণে বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীর ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৯ মে একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে দেওভোগের নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে হত্যা ও হত্যাচেষ্টাসংক্রান্ত মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন কারাবাসের পর চলতি বছরের ৪ জুন উচ্চ আদালতের নির্দেশে তিনি জামিনে মুক্তি পান।