হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিযুক্ত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. নওশের ওয়ান যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসরের নির্ধারিত তারিখ—যেটি আগে ঘটে, সে পর্যন্ত প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব পালনের সময় তাকে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলরের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে হবে। তবে জনস্বার্থে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. মো. নওশের ওয়ান হাবিপ্রবির ইংরেজি বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘ সময় ধরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। তার এই নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে হাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার। তিনি ২০২৪ সালের ৪ নভেম্বর প্রো-ভিসি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দুই যুগ পর তিনি প্রথম প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন।