বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টির পর এবার ৫০ ওভারের দলের দায়িত্বও লিটন দাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাব অনুমোদিত হলে ওয়ানডে অধিনায়কত্ব হারাবেন মেহেদী হাসান মিরাজ।
ক্রিকবাজের দাবি, লাল ও সাদা বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনা করছে বিসিবি। আগামীকাল বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হবে। পরিচালকদের সবুজ সংকেত পেলে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দলের নেতৃত্ব দেবেন লিটন। তবে টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বহাল থাকবেন।
বর্তমানে তিন ভিন্ন সংস্করণে তিন জন অধিনায়ক রয়েছেন বাংলাদেশের। টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন। তবে তিন অধিনায়কের এই জটিল কাঠামো থেকে সরে এসে পুনরায় দুই অধিনায়কের ব্যবস্থায় ফিরতে আগ্রহী বোর্ড কর্মকর্তারা।
ওয়ানডে দলের নেতৃত্বে লিটনই বিসিবির প্রথম পছন্দ। তার সহকারী হিসেবে তাওহিদ হৃদয়কে রাখার পরিকল্পনাও রয়েছে বোর্ডের। বর্তমানে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হৃদয়কে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে প্রস্তুত করতে চায় বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর তার নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ওয়ানডেতে তাকে লিটনের সহকারী করার কথা ভাবছে বোর্ড।
প্রাথমিকভাবে ওয়ানডে নেতৃত্বে শান্তকে ফেরানোর বিষয়টি বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত সেই ভাবনা থেকে সরে এসেছেন কর্মকর্তারা। টেস্ট দলের পরিকল্পনা ও নেতৃত্বে শান্তকে পুরোপুরি মনোযোগী রাখতে চান তারা।
২০২৫ সালের ১২ জুন শান্তর পরিবর্তে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল মিরাজকে। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছিল বিসিবি। তবে দেশের বাইরে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। মিরাজের অধীনে দেশের বাইরে ১৩টি ওয়ানডে খেলে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ। এই ফলাফলই তার নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত তাকে সরানো হবে কি না, তা বুধবারের বোর্ড সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
প্রস্তাবটি অনুমোদিত হলে আবারও দুই অধিনায়কের যুগে ফিরবে বাংলাদেশ ক্রিকেট। লাল বলে শান্ত এবং দুই সাদা বলের সংস্করণে নেতৃত্ব দেবেন লিটন।