ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। ব্রাজিলের সংবাদমাধ্যম জিই গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের সঙ্গে তার নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। ফলে চলতি বছরের শেষেই ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে পারেন এই তারকা ফরোয়ার্ড।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেইমার ও সান্তোসের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও, দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা দিন দিন হ্রাস পাচ্ছে।

নতুন চুক্তির পথে প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং নেইমারের বারবার চোট পাওয়ার বিষয়টিকে। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় তিনি পুরো মৌসুম খেলতে ব্যর্থ হয়েছেন।

সান্তোসের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত নেইমারকে নিয়ে সমর্থকদের ব্যাপক প্রত্যাশা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে তার বিদায়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সান্তোসের হয়ে ১৬টি ম্যাচ খেলেছেন নেইমার। এই ম্যাচগুলোতে তিনি ৮টি গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেছেন।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, বর্তমানে নেইমারের বাজারমূল্য প্রায় ৮ মিলিয়ন ইউরো। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।