ইনকিলাব মঞ্চের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আট সদস্যের এই কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল জাবের এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে সংগঠনের আজীবন মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটায় ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচন করা হয়। পরবর্তীতে রাতে সংগঠনের ফেসবুক পেজে নতুন কমিটির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে শহীদ হওয়া ওসমান হাদি আগে এই সংগঠনের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় সদস্যসচিব ছিলেন আবদুল্লাহ আল জাবের, যিনি এবার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

নতুন সদস্যসচিব ফাতিমা তাসনিম এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। এছাড়া গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে তিনি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহসাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ওমায়ের, মিডিয়া ও প্রচার সম্পাদক নাঈম ইবনে জহির এবং সহমিডিয়া ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করার লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। জি এ সাব্বিরকে এই সার্চ কমিটির আহ্বায়ক এবং মাসুদুর রহমান আদনানকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, হিশাম ইব্রাহিম, শান্তা আক্তার ও শাফিন শাররাজ।