ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর প্রবেশসময় শিথিলের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’ নামের একটি প্ল্যাটফর্ম। এর আগে অন্য একটি প্ল্যাটফর্ম হলগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি জানালেও, এই শিক্ষার্থীরা সম্পূর্ণ খোলা রাখার পরিবর্তে প্রবেশের সময়সীমা রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
সোমবার দুপুরে ‘বৈষম্যহীন ছাত্রী হল’ নামের একটি প্ল্যাটফর্ম ২৪ ঘণ্টা হল খোলা রাখাসহ তিনটি দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করে। এর কয়েক ঘণ্টা পর ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা তাঁদের পৃথক দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শনের মাধ্যমে আবাসিক ও অনাবাসিক সকল নারী শিক্ষার্থীর হলে প্রবেশাধিকার নিশ্চিত করা; মূল ফটকে প্রবেশের সময়সীমা বাড়ানো এবং পরিচয়পত্র দেখিয়ে যেকোনো সময় ‘লেইট গেট’ দিয়ে প্রবেশের সুযোগ দেওয়া। এছাড়া জরুরি প্রয়োজনে হল থেকে বের হওয়ার প্রক্রিয়া হয়রানিমুক্ত করা এবং প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দেওয়ার শর্তে আবাসিক শিক্ষার্থীদের মা ও বোনদের হলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রবেশ ও বের হওয়ার সময়সূচি নিয়ে আলাদা কর্মসূচি নেওয়ার বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন জানান, তাঁরা রোববার বিকেলেই কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং অন্য প্ল্যাটফর্মের সদস্যরা এতে সংহতি প্রকাশ করেছিলেন। সোমবারের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও ‘বৈষম্যহীন ছাত্রী হল’ কেন আলাদা কর্মসূচি গ্রহণ করল, সে বিষয়ে তাঁরা অবগত নন।
২৪ ঘণ্টা হল খোলা রাখার দাবির বিষয়ে নুসরাত জাহান বলেন, “আপনারা ২৪ ঘণ্টা ছাত্রী হল খোলা রাখার দাবির বিপক্ষে কি না”—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁরা মূল ফটকের সময়সীমা রাত ১০টার পরিবর্তে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত বাড়ানোর পক্ষে। একই সঙ্গে তিনি বলেন, “লেইট গেট সব সময় খোলা রাখতে হবে এবং লেইট গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে যে হয়রানি করা হয়, তা বন্ধ করতে হবে।”
স্মারকলিপি প্রদান পরবর্তী সংবাদ সম্মেলনে নুসরাত জাহান হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযৌক্তিক নিয়ম আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে প্রবেশের নির্ধারিত সময়সীমা রাত ১০টা পর্যন্ত।