মানিকগঞ্জ পৌর এলাকায় হেরোইনসহ দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই যুবককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর এলাকার জয়রা গ্রামে এই ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম মো. সজিবুল (বান্দুটিয়া গ্রাম, পৌর এলাকা) এবং শরীফ হোসেন (চান্দহর গ্রাম, সদর উপজেলা)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জয়রা এলাকার এক মাদকব্যবসায়ীর কাছ থেকে হেরোইন কেনেন ওই দুই যুবক। বিকেল ৫টার দিকে জয়রা কড়ইতলা এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী। তল্লাশির সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া হেরোইন উদ্ধার হলে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন বিচারক হিসেবে উপস্থিত থেকে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বসাক জানান, "দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে রাতে কারাগারে পাঠানো হয়েছে।"