নোয়াখালী জেলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত কারামতিয়া কামিল মাদ্রাসার কার্যালয় থেকে ৩ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা মাদ্রাসার অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে বিভিন্ন খাতে সংরক্ষিত মোট ৩ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ডিউটিরত নৈশপ্রহরী ভবনটি পরিদর্শনে গিয়ে কার্যালয়ের জানালা খোলা দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার বর্ণনা দিয়ে নৈশপ্রহরী লোকমান মিয়া বলেন, "দায়িত্ব পালনের সময় টর্চলাইট দিয়ে ভবন ও আশপাশের এলাকা ঘুরে দেখছিলাম। একপর্যায়ে কার্যালয়ের একটি জানালা খোলা দেখে বিষয়টি সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানাই।"

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ আলী ছিদ্দিকী জানান, "রাতে দুর্বৃত্তরা অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। সেখানে বিভিন্ন খাতে সংরক্ষিত নগদ ৩ লাখ ৬৬ হাজার ৮২৫ টাকা চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অর্থ উদ্ধারের দাবি জানাচ্ছি।"

এই বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।