জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো এবং স্মারক নম্বর জাল করে একটি ডিও (আধা সরকারি) পত্র তৈরি করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, ওই জাল চিঠিটি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চালানো হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় স্পষ্ট করে জানিয়েছে, ভুয়া চিঠিটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ওই ভুয়া চিঠিতে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বদলির আদেশ বাতিল করে তাঁকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলির সুপারিশ করা হয়েছিল।

সংসদ সচিবালয় সতর্ক করে বলেছে, "জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড বা সরকারি পরিচয় জাল করে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।"

বিষয়টি জানাজানি হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি চিঠি পাওয়া গেলে তার সত্যতা যাচাই করতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সর্বসাধারণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।