সেনা হেফাজতে নেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, "ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সে সময় র্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদ রয়েছেন; তৎকালীন সময়ে কক্সবাজার এলাকাটি র্যাব-৭ এর আওতাভুক্ত ছিল। গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে।
ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঠিক একদিন পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে হেফাজতে নিল সেনাবাহিনী।
২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছিলেন একরামুল হক। তিনি দীর্ঘ ১২ বছর উপজেলা যুবলীগের (বর্তমানে নিষিদ্ধ) সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।