ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক আলোচনাকে কেবল দল টিকিয়ে রাখার একটি 'রাজনৈতিক কথা' হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাঁর মতে, বাস্তবে এর কোনো সম্ভাবনা নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচির সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে পার্থ বলেন, "জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত ২ বছর আগে আমরা রিমান্ডে ছিলাম। যে রক্ত, আত্নত্যাগ, এখনকার মানুষের যে মাইনডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।"

পরিদর্শন কর্মসূচিতে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর উপজেলার নদী ভাঙন কবলিত শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। ওই এলাকার ভাঙন রোধে আগামী একনেক সভায় সরকারি বরাদ্দ পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।