হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কয়েক ঘণ্টা চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশের সার্ভারে এই সমস্যার সূত্রপাত হয়। সার্ভার অচল হয়ে পড়লে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা ম্যানুয়ালি বা হাতে লিখে কার্যক্রম পরিচালনা করতে শুরু করেন।

বিমানবন্দরে অপেক্ষমান যাত্রী ও তাদের সহযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত মালয়েশিয়া, দুবাই ও সৌদি আরবগামী ফ্লাইটের যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন।

বহির্গমন টার্মিনালের সামনে অপেক্ষমাণ স্বজনরা জানান, পরিস্থিতি সামাল দিতে মাইকিংয়ের মাধ্যমে প্রবাসী যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দরে কর্তব্যরত আনসার কর্মকর্তা নুর ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "আজকে এমনিতে যাত্রীর চাপ বেশি। এর মধ্যে ইমিগ্রেশনের সার্ভারে কাজ করছে না। এ কারণে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সিরিয়াল ও চাপ বেড়ে গেছে।"

নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কিছু সময়ের জন্য সার্ভারে জটিলতা সৃষ্টি হয়েছিল এবং সেই সময়ে ইমিগ্রেশনের কার্যক্রম ম্যানুয়ালি চালানো হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ নিশ্চিত করেছেন যে, রাত ১১টার আগেই ইমিগ্রেশনের সার্ভার পুনরায় সচল হয়েছে।