মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার নিরাপত্তা চেয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এই তদন্তের বিষয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই জিডির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, "পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত জিডিটি তদন্তের নির্দেশ দেন।"

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই রাজধানীর বনানী থানায় জান্নাতুল ফেরদৌস পিয়া এই জিডিটি দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, "অতীত বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন এবং তাঁর কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।"

তিনি আরও জানান, সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান নেওয়ার পর থেকে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি ও আপত্তিকর বার্তা পাচ্ছেন তিনি। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে হুমকিমূলক ফোনকলও এসেছে বলে তিনি দাবি করেন।

জিডিতে আরও বলা হয়েছে, প্রায় তিন মাস ধরে তিনি লক্ষ্য করছেন যে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাঁকে বিভিন্ন স্থানে অনুসরণ করছেন। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁর বা পরিবারের সদস্যদের ক্ষতির আশঙ্কা রয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও পুলিশি সুরক্ষা চেয়েছেন এই মডেল।