চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুগ্ম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, "রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।"
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।
এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। তাঁর দায়িত্ব পালনের প্রায় ১ বছর ৯ মাস পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।