আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজিত গ্রীষ্মকালীন আবাসন মেলা। শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে।

রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার প্রথম সভা শেষে এই মেলার কথা ঘোষণা করা হয়। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক তাসনোভা মাহবুব সালাম। রিহ্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় বক্তব্য প্রদান করেন রিহ্যাবের সভাপতি আলী আফজাল। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি এ এফ এম ওবায়দুল্লাহ ও মো. হারুন অর রশিদ। পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন এবং কমিটির সদস্য এম মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী ও মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।