রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রোববার (২৭ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে আটক পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রামকান্তপুরের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের মো. ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গার মো. বাহাদুর বিশ্বাস (৫৮), রাজবাড়ী সদরের মধ্যপাড়ার মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী থানার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, আটক ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে পূর্বেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির দুটি এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির তিনটি মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।