বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিন অধ্যাপক। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) সকালে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের নিকট তারা তাদের যোগদানপত্র জমা দেন।
এর আগে গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এই নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
নবনিযুক্ত সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু হয় এবং ২০০৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন।
অন্য এক সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি জাপানের সাগা মেডিকেল স্কুল থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত তাঁর ৫৪টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
তৃতীয় সদস্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোভাসকুলার অ্যান্ড লেজার সার্জারি বিভাগের চেয়ারম্যান। তিনি জাপানের হামামাতসু ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাসকুলার সার্জারিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। চিকিৎসা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।
নবনিযুক্ত এই তিন সদস্যের নিয়োগের মেয়াদ চার বছর। যোগদানের তারিখ থেকেই তাদের এই নিয়োগ কার্যকর হয়েছে।