ভারতে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিটে প্রত্যাশিত ফলাফল না পেয়ে মহারাষ্ট্রে অংকিতা সাংগলে নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রবেশিকা পরীক্ষায় কম নম্বর পাওয়ার পর মানসিক চাপের মুখে তিনি এই চরম পদক্ষেপ নেন বলে জানা গেছে।
রোববার (২৭ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি মহারাষ্ট্রের অহি ল্যানগর জেলার জালালপুর গ্রামে ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অংকিতার মরদেহ নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নিট পরীক্ষায় মাত্র ১৬৬ নম্বর পাওয়ার পর থেকেই তিনি তীব্র মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মারাঠি ভাষায় লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। আবেগঘন ভাষায় লেখা সেই চিঠিতে অংকিতা লিখেছেন, ‘তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ, কিন্তু আমি তোমাদের একটি ইচ্ছাও পূরণ করতে পারিনি। মা, তুমি প্রতিটি বিপদে বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছ। দাদা (ভাই), তুমিও আমাকে অনেক সমর্থন করেছ। তুমি আমাকে বাবা-মায়ের চেয়েও বেশি ভালোবেসেছ। আমার এই পদক্ষেপের জন্য তোমরা কেউই দায়ী নও।’
নিজের ব্যর্থতার অনুশোচনা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘এমনকি আমি যখন নিটের জন্য পড়াশোনা করছিলাম, তোমরা আমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছ, আর আমি ব্যর্থ হলাম; তোমাদের ইচ্ছা পূরণ করতে পারলাম না।’
পরিবারের প্রতি ভালোবাসা জানিয়ে ভাইয়ের উদ্দেশে তিনি আকুতি জানিয়েছেন, ‘ভাই, দয়া করে মা-বাবার খুব ভালোভাবে খেয়াল রেখো। তাদের যেন কোনো কিছুর অভাব না হয়।’
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।