ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ বলে সম্বোধন করায় রোগীর স্বজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, এই বিতর্কের জেরে ওই চিকিৎসক রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দিয়ে হাসপাতাল থেকে ফিরিয়ে দিয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
গত রোববার (২৬ জুলাই) দুপুরে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর বয়সী শিশু রুজায়াইনকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। পরিবারের দাবি, শিশুটিকে বিড়াল আঁচড় দেওয়ায় প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
ভুক্তভোগী তানভীর হাসানের অভিযোগ, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম জানিয়ে তিনি ‘ভাই’ বলে সম্বোধন করেন এবং শিশুর সমস্যার কথা জানান। চিকিৎসক তখন জানান যে, হাসপাতালে প্রতিষেধক নেই এবং বিকেলে আসার পরামর্শ দেন। তবে পরবর্তীতে যোগাযোগের সুবিধার্থে তানভীর ওই চিকিৎসকের মোবাইল নম্বর চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তানভীরের দাবি, চিকিৎসক তখন মন্তব্য করেন, “আপনি একজন বিসিএস ক্যাডারকে ‘ভাই’ বলে ডাকেন, আবার তার ফোন নম্বর চান?” এই বিষয় নিয়ে তর্কের একপর্যায়ে চিকিৎসক তাদের চিকিৎসা না দিয়েই হাসপাতাল ত্যাগ করতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোগীর স্বজন চিকিৎসককে উদ্দেশ্য করে বলছেন, “প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?” এর জবাবে চিকিৎসক বলেন, “আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।”
এই অভিযোগের বিষয়ে জানতে ডা. মো. আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ জানান, ডা. আরিফুল ইসলাম একজন দায়িত্বশীল কর্মকর্তা। তার মতে, ঘটনাটি মূলত ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে। তিনি আরও বলেন, রোগী যোগাযোগের নম্বর চাইলে হাসপাতালের দাপ্তরিক নম্বর দেওয়া যেতে পারত।