কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের এই সময়ে তথ্যের গোপনীয়তা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন চ্যাটবট ও এআই এজেন্ট খুব সহজেই মানুষের লেখা এবং ছবি বিশ্লেষণ করতে সক্ষম। এই পরিস্থিতি মোকাবিলায় কেবল মানুষের পাঠযোগ্য এক বিশেষ ধরনের অদ্ভুত ফন্ট তৈরি করেছেন কম্পিউটার বিজ্ঞানী এরিক লু। তিনি দাবি করেছেন, "ভুতুড়ে ফন্টটি এআইকে বিভ্রান্ত করে ফেলে। ফলে ফন্টটিতে লেখা তথ্য মানুষের পক্ষে পড়া সম্ভব হলেও এআই পড়তে পারবে না।" এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য এআই-এর নাগালের বাইরে রাখা সম্ভব হবে।

এরিক লু জানান, ‘গোস্ট ফন্ট’ নামের এই উদ্ভাবনটি কোনো স্থির অক্ষরের বদলে গতির সমন্বয়ে বার্তা প্রদর্শন করে। এতে গতি, ভিডিও, শব্দ এবং বিভ্রান্তিকর উপাদানের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা মানুষের বোঝার উপযোগী বার্তা তৈরি করে। কারিগরি দিক থেকে এটি প্রচলিত ফাইল ফরম্যাটের কোনো ফন্ট নয়, বরং একটি চিত্রভিত্তিক (গ্রাফিক্যাল) যোগাযোগ মাধ্যম, যা এআই সহজে বুঝতে পারে না। যদিও এটি সাধারণ বার্তার মতো অতটা স্পষ্ট নয়, তবে মানুষের চোখ খুব দ্রুত এই অক্ষরগুলো পড়তে পারে; যেখানে শীর্ষস্থানীয় এআই মডেলগুলো বার্তা শনাক্ত করতে ব্যর্থ হয়।

এই নতুন ফন্টের পিক্সেল বা ডটগুলো কেবল গতিশীল অবস্থায় স্পষ্ট হয়। ভিডিও থামিয়ে দিলে বা স্ক্রিনশট নিলে সবকটি ডট মিশে যায়, ফলে কোনো স্থির ছবিতে লেখাটি দেখা অসম্ভব হয়ে পড়ে। সুরক্ষার স্তর আরও বাড়াতে এতে বিভ্রান্তিকর বার্তা বা ‘ডিকয় মেসেজ’ যুক্ত করা হয়েছে। কোনো শক্তিশালী এআই মডেল যদি ভেতরে বার্তা খোঁজার চেষ্টা করে, তবে সে প্রথম ডিকয় বার্তাটিকেই আসল মনে করে ভুল করবে। এরিক লু জানান, এর মাধ্যমে ফ্যাবল বা জিপিটি সোল ৫.৬ আলট্রার মতো ক্ষমতাশালী মডেল থেকেও মূল তথ্য লুকিয়ে রাখা যায়।

বিশেষজ্ঞদের ধারণা, ক্যাপচা সিস্টেমে এই নতুন প্রযুক্তির ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে অনেক এআই খুব সহজেই ক্যাপচা সমাধান করতে পারে, তাই তথ্যের গোপনীয়তা রক্ষায় এই নতুন ফন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।