নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট ও মন্তব্য করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই অভিযোগের জেরে ওই দুই যুবকের বাড়িতে হামলা চালিয়েছে একদল লোক। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার রাতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার দুপুরে এক যুবক তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতের একটি চলমান আন্দোলন নিয়ে একটি পোস্ট করেন। অভিযোগ করা হয়েছে, ওই পোস্টের ভাষা ধর্মীয় বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই পোস্টে অন্য এক যুবক ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেন। এই পোস্ট ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ঘৃণা ও উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬(১) ধারায় মামলা করা হয়েছে।
এদিকে, অভিযোগটি ছড়িয়ে পড়ার পর গতকাল সন্ধ্যায় একদল লোক ওই দুই যুবকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী এক যুবকের স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে অন্যায় করেছে, আমরা চাই তার শাস্তি হোক। কিন্তু আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হলো কেন? জীবন বাঁচাতে আমরা পালিয়ে গিয়েছিলাম। হামলাকারীরা চলে যাওয়ার পর এসে দেখি, বাড়িঘর তছনছ। আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।’
ওসি আরও জানান, দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।