কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টের হিট থেকেই বিদায় নিয়েছেন তিনি।

ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে ছয়জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর। সামগ্রিকভাবে অংশ নেওয়া ৭৩ জন স্প্রিন্টারের মধ্যে তাঁর অবস্থান হয়েছে ২৭তম। দৌড়ের শুরুর দিকে বেশ ভালো ছন্দ ধরে রেখেছিলেন ইমরানুর, এমনকি কিছু সময়ের জন্য সবার চেয়ে এগিয়েও ছিলেন তিনি।

ইমরানুর দৌড় শেষ করতে ১০.৩৯ সেকেন্ড সময় নেন। উল্লেখ্য, ২০২৩ সালে লন্ডনের নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে ১০.১১ সেকেন্ড সময় নিয়ে নিজের ক্যারিয়ারসেরা রেকর্ড গড়েছিলেন তিনি। এই প্রতিযোগিতায় প্রথম ১৭ জন অ্যাথলেট সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। ১৬তম ও ১৭তম স্থান অধিকারকারী অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিং এবং বার্বাডোজের কুরন গ্রিফিথ উভয়েই ১০.২৪ সেকেন্ড সময় নিয়েছেন।

বাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে ইমরানুরের সবচেয়ে বড় সাফল্য এসেছে ২০২৩ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে, যেখানে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন তিনি।

চলতি কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে বক্সিংয়ে আশা জাগিয়েছেন রাকিব হোসেন, যিনি ৫৫ কেজি ওজন শ্রেণিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।

গত বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২৩তম কমনওয়েলথ গেমস। এই আসরে অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকস—এই চারটি ডিসিপ্লিনে বাংলাদেশ অংশগ্রহণ করছে।

অন্যদিকে, মেয়েদের ৫১ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস।