আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এর ফলে তৈরি হয় নিরাপত্তা সংক্রান্ত জটিলতা। গত ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এই সিদ্ধান্তের নেপথ্যে ‘রাজনৈতিক ইস্যু’র কথা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলায় ব্যস্ত থাকা মিরাজ ভারতীয় ক্রীড়া বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। প্রবীণ সাংবাদিক বরিয়া মজুমদারের সঙ্গে আলাপকালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ, অধিনায়ক হিসেবে নিজের ভূমিকা এবং এলপিএল নিয়ে আলোচনা করেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ নির্ধারিত ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালে তা নাকচ করে দেয় সংস্থাটি। ফলে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার, যা মেনে নিতে বাধ্য হয় বিসিবি। যদিও সরকার ও বিসিবি নিরাপত্তা ইস্যুর কথা উল্লেখ করেছিল, তবে আইসিসির স্বাধীন তদন্ত রিপোর্টে কোনো নিরাপত্তা হুমকির প্রমাণ না পাওয়ায় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
বিশ্বকাপে অংশ নিতে না পারার বিষয়ে হতাশার প্রশ্নে মিরাজ বলেন, "প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ খেলোয়াড়ও সেই সুযোগটি চেয়েছিল। দুর্ভাগ্যবশত, রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি ঘটেছে এবং বর্তমান পরিস্থিতি সবাই জানে।"
তিনি আরও সরাসরি উল্লেখ করেন, "এটা শুধু ক্রিকেটার না, সমর্থকদের জন্যও ছিল হতাশার। আমি মনে করি এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।"
এদিকে, ভারতের বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে। এই সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেহেদী হাসান মিরাজ বলেন, "আমরা এই সিরিজটি নিয়ে খুবই রোমাঞ্চিত। ভারত যদি আসে, তবে তা আমাদের দেশের জন্য একটি দারুণ উপলক্ষ হবে। কারণ অনেক দিন হয়ে গেছে আমরা তাদের বিপক্ষে খেলিনি। ভারত অত্যন্ত শক্তিশালী একটি দল এবং সামনের চ্যালেঞ্জ সম্পর্কে আমরা সচেতন। আমরা আমাদের ঘরের মাঠে ভালো খেলার দিকে নজর দেব এবং আমরা সত্যি এই লড়াইটির জন্য মুখিয়ে আছি।"