রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক বিশেষ অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে নৌ পুলিশ। জব্দ করা এসব অবৈধ জাল পরবর্তীতে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (২৬ জুলাই) দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ওই জালগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা বলে জানা গেছে।

অভিযান শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, "দেশীয় প্রজাতির মাছ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং নদীতে বেআইনি মাছ শিকার বন্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"