রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কাপ্তাই উপজেলা সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর হ্যাপির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অংসুইছাইন চৌধুরী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। ওসি জসীম উদ্দিন বলেন, "অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে রোববার বেলা সাড়ে ৩টার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।"
তদন্ত সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি একই মামলায় অংসুইছাইন চৌধুরী একবার গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত হাজিরা না দিয়ে তিনি পুনরায় আত্মগোপনে চলে যান।