ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়া ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এই ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও হেলপারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে সারভর্তি ট্রাকটি আটক করা হয়। পরবর্তীতে সারসহ ট্রাকটি সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ট্রাকচালক বাবু ও হেলপার সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মাঝদিয়ার এলাকায়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, ভাউলার হাট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে ৩৮০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ট্রাকচালক সার পরিবহনের কোনো বৈধ চালান বা কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী চালক বাবু ও হেলপার সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা প্রায় ৪ লাখ টাকা মূল্যের সব সার সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম বলেন, "কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে পরিবহন, মজুত ও কালোবাজারি রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"