টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে শূন্য হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। স্পেনের কাছে ফাইনালে পরাজয়ের এক সপ্তাহ পর সেই আক্ষেপ ও বেদনা নিয়ে দেশটির সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

নিজ শহর পুজাতো থেকে পরিবারের কাছে ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ এক লেখা পোস্ট করেন তিনি। বার্তার শুরুতেই কোচ লিখেছেন, ‘আরেকটি কাপ এনে দিতে না পারায় আমি দুঃখিত।’

স্কালোনি জানান, আরেকটি শিরোপা জয়ের মাধ্যমে তিনি দেশের মানুষকে নতুন করে আনন্দ দিতে চেয়েছিলেন। জীবনের কঠিন ও দুঃখজনক মুহূর্তগুলো অন্তত কয়েক দিনের জন্য হলেও ভুলিয়ে দেওয়ার সুযোগটি কাজে লাগাতে না পারার বেদনাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

বিশ্বকাপ পরবর্তী এই এক সপ্তাহকে দুঃখ ও আনন্দ, কান্না ও হাসি এবং অস্থিরতা ও শান্তির এক মিশ্র অনুভূতি হিসেবে বর্ণনা করেছেন ৪৮ বছর বয়সী এই কোচ। তবে দলের খেলোয়াড়দের প্রতি তার গর্ব অপরিবর্তিত। তিনি জানান, স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তিনি ফুটবলারদের ‘আমার যোদ্ধারা’ বলে সম্বোধন করেন। প্রতিকূল পরিস্থিতিতে হার না মানা, শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়া এবং সমালোচনার চাপ কাটিয়ে উঠে দাঁড়ানোকেই দলের প্রকৃত অর্জন হিসেবে দেখছেন তিনি।

বিশ্বকাপজয়ী এই কোচ তার কোচিং স্টাফ, ফুটবলার এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নেপথ্যে কাজ করা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমর্থকদের উদ্দেশে বার্তার শেষে তিনি লিখেছেন, ‘যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি সম্পদ আছে।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্কালোনি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন।

আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে। নতুন বার্তায় সমর্থক, খেলোয়াড় ও সহকর্মীদের ধন্যবাদ জানালেও জাতীয় দলের দায়িত্বে তিনি বহাল থাকবেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দেননি তিনি।