বিশ্বকাপ ফাইনালের মাঠের উত্তেজনা প্রশমিত হলেও রবার্তো আয়ালা ও দানি অলমোর মধ্যকার কথা কাটাকাটি থামেনি। স্প্যানিশ ডিফেন্ডার দানি অলমোকে আঘাত করার ঘটনায় ক্ষমা চাইলেও সেই ক্ষমা প্রত্যাখ্যান করেছেন অলমো। একই সঙ্গে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন তিনি।
স্পেনের বিশ্বকাপ জয়ের পর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনা ১-০ ব্যবধানে পরাজিত হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ভিডিওতে দেখা যায়, অলমোকে আঘাত করছেন আয়ালা।
পরবর্তীতে লিওনেল স্কালোনির কোচিং স্টাফের সদস্য আয়ালা নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তিনি ঘটনাটিকে ঘুষি হিসেবে নয়, বরং ধাক্কা হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে দাবি করেন, অলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এমনটি করেছেন। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক জানান, স্প্যানিশ ফুটবলারের সঙ্গে দেখা হলে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন।
আয়ালার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অলমো। তার মতে, আঘাত করার পক্ষে যুক্তি দেখিয়ে ক্ষমা চাওয়া প্রকৃত অনুশোচনা নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় অলমো বলেন, ‘আমি তাকে কিছুই বলিনি। তাই তার ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই।’ আয়ালা ঘটনার সত্যতা আড়াল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিতর্কের ঊর্ধ্বে উঠে খেলোয়াড়দের সামাজিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়েছেন অলমো। তার মতে, ভুল স্বীকার করার সাহস, বিনয় ও সততাই একজন মানুষের পরিচয় বহন করে। স্পেনের এই মিডফিল্ডার চান, তার পরিবার, সন্তান ও সমর্থকেরা যেন শুধু দলের জয় নয়, বরং খেলোয়াড়দের আচরণ নিয়েও গর্ব করতে পারেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফুটবলারদের দায়িত্ব অনেক বেশি বলে মনে করেন তিনি।
তবে এই বিতর্কের কারণে বিশ্বকাপ জয়ের আনন্দ ম্লান করতে চান না বার্সেলোনার এই ফুটবলার। কঠোর পরিশ্রমের মাধ্যমে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং সেই সাফল্য ও স্মৃতিটিই তিনি ধরে রাখতে চান।
এদিকে ফাইনাল-পরবর্তী সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। রবার্তো আয়ালা ছাড়াও আর্জেন্টিনার আরও কয়েকজন ফুটবলারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর সংশ্লিষ্ট ব্যক্তি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।