বিএনপিকে ফ্যাসিবাদের দল হিসেবে অভিহিতকারীদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, তাঁদের দলের গঠনতন্ত্র পড়ে দেখা উচিত। জামায়াত গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে তাঁরাই বিচার করবেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও তাঁদের ভোটে বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে দলটি, তাই বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা ঠিক নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্য, ‘একবার নয়, বিএনটি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যাঁরা ফ্যাসিবাদের দল বলেন, তাঁদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাঁদের মাইন্ড সেটআপ ওইভাবে তৈরি হয়েছে।’

রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব জানান, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। বর্তমানে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দলই প্রার্থী চূড়ান্ত করবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীদের যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

কৃষি অর্থনীতি নিয়ে মির্জা ফখরুল জানান, সরকার সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে চায়। তিনি বলেন, সরকারের চার মাসের মধ্যে কৃষি উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরবর্তীতে রংপুর টাউন হল মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন তিনি। সেখানে উপকারভোগীদের মাঝে বিভিন্ন গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমির সচিব, বিআরডিবির মহাপরিচালক, জেলা ও মহানগর বিএনপির নেতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।