ইংলিশ ক্লাব ফুলহামের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষায় ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়কে এবার লাল-সবুজ জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই তাঁর আন্তর্জাতিক অভিষেক হতে পারে। এছাড়া নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপেও তাঁর অংশগ্রহণ প্রায় নিশ্চিত।

সম্প্রতি নরউইচ সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলের হয়ে মাঠে নেমে নজর কেড়েছেন ফারহান। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ম্যাচের ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। বাঁ প্রান্তের উইং দিয়ে দুর্দান্ত ড্রিবলিং এবং একটি বাঁকানো শটের মাধ্যমে প্রতিপক্ষ গোলকিপারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তিনি। যদিও ম্যাচটি ফুলহাম ২-০ গোলে হেরেছে, তবে নিজের পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন ফারহান। প্রিমিয়ার লিগে সুযোগ পেলে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই লিগে খেলার ইতিহাস গড়বেন তিনি।

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করা ফারহানের বাবা-মা সিলেটি বংশোদ্ভূত এবং তাঁদের জন্মও ইংল্যান্ডে। দাদা ও নানার সূত্রে তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে বাফুফে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার জন্য জন্মনিবন্ধন সনদ অন্যতম শর্ত হয়ে দাঁড়িয়েছে। ফারহানের সম্মতিতে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের বায়োমেট্রিকের জন্য সময় চাইবে বাফুফে। বায়োমেট্রিক সম্পন্ন হলে দ্রুত পাসপোর্ট পাওয়ার কথা। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেলেই সেপ্টেম্বর উইন্ডোতে তাঁর মাঠে নামার পথ প্রশস্ত হবে।

ফারহানকে নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গতকাল মুক্তকণ্ঠকে বলেন, ‘ফারহানকে সেপ্টেম্বর উইন্ডোতে পেতে যা করণীয় সবই করা হচ্ছে। সব ঠিকঠাকমতোই এগোচ্ছে। আমরা আশা করছি সেপ্টেম্বর উইন্ডোতেই ফারহানকে পাব। আর নভেম্বরে সাফে তাঁকে পাওয়া নিয়ে আমাদের কোনো সংশয় নেই।’

চেলসি একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ নেওয়ার পর ২০১৯ সালে অনূর্ধ্ব-১২ পর্যায়ে ফুলহামে যোগ দেন ফারহান। ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক এবং ২০২৫ সালে ক্লাবের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে নভেম্বরে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এবং মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান পান।

জাতীয় দলের কোচ টসাস ডুলি ফারহানের পাশাপাশি ইংল্যান্ডে বেড়ে ওঠা আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমকে নিয়ে এগোতে বাফুফেকে সবুজ সংকেত দিয়েছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৫ সাল থেকে ইংল্যান্ডের নর্দার্ন প্রিমিয়ার লিগ ডিভিশন ওয়ানের ক্লাব বারওয়েলে খেলছেন। ২০২৩ সালে অ্যান্টিগুয়া ও বারবুডা জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা জায়ানকেও সাফ চ্যাম্পিয়নশিপে পেতে আগ্রহী বাফুফে।

দীর্ঘ ২৩ বছরের খরা কাটিয়ে সাফ জিততে মরিয়া বাফুফে আরও চার-পাঁচজন বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করছে, যাদের তিন-চারজনকে সেপ্টেম্বর উইন্ডোতেই দেখা যেতে পারে। বর্তমানে জামাল ভূঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ এবং কিউবা মিচেলসহ মোট আটজন বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলের অংশ হয়েছেন।

এদিকে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে দেশে একটি চারজাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। এই সময়ে কিরগিজস্তান বাংলাদেশকে তাঁদের দেশে খেলার আমন্ত্রণ জানালেও বাফুফে চায় কিরগিজস্তান ঢাকা এসে এই টুর্নামেন্টে অংশ নিক। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলে ঘরের দর্শকদের সামনেই হতে পারে তরুণ ফারহান আলী ওয়াহিদের আন্তর্জাতিক অভিষেক।