রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেওয়ালে ধাক্কা দিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুই পথচারী চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হক মুক্তকণ্ঠকে বলেন, "মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস কালশী ফ্লাইওভার থেকে নামার পর নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশে থাকা জেনারেটর কক্ষের দেওয়ালে ধাক্কা দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা রেডিসন ব্লু হোটেলের কর্মচারী রফিকুল ইসলাম নিহত হন। তিনি হোটেলটির ‘স্টোর কিপার’ হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন।"
পুলিশ কর্মকর্তা নাজমুল হক আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহযোগীকে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।