রবার্ট লেভানডফস্কির বিকল্প হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা। তবে আতলেতিকো মাদ্রিদের এই তারকাকে পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে রাজি নয় কাতালান ক্লাবটি।
জানা গেছে, ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা ১০ কোটি ইউরোর প্রাথমিক প্রস্তাবের বাইরে এক ইউরোও বেশি বাড়াবে না। অন্যদিকে, নিজেদের সেরা অস্ত্রকে এই মূল্যে ছাড়তে একেবারেই রাজি নয় আতলেতিকো মাদ্রিদ।
কাতালান দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সী আলভারেজকে নিয়ে তৈরি হওয়া এই জটিলতায় ক্যাম্প ন্যুতে কোনো অস্থিরতা নেই। ক্লাবের শীর্ষ কর্তাদের বিশ্বাস, আক্রমণভাগে বর্তমানে তাদের পর্যাপ্ত বিকল্প রয়েছে। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন ও জার্মানির করিম আদিয়েমির আগমনে বার্সার আক্রমণভাগ এখন বেশ শক্তিশালী। এছাড়া ফেরান তোরেস, দানি ওলমো ও রাফিনিয়া—এই তিনজনের প্রত্যেকেই সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলতে সক্ষম।
মুন্দো দেপোর্তিভোর দাবি, বার্সা কোচ হান্সি ফ্লিকের আগ্রহ আলভারেজের প্রতি বেশ চড়া। তবে ক্লাবের নীতিনির্ধারকেরা এই জটিল পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে নারাজ। আতলেতিকো মাদ্রিদ যখন তাদের কাঙ্ক্ষিত অঙ্কের নিচে আলভারেজকে ছাড়তে রাজি নয়, তখন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে বার্সা কর্তৃপক্ষ।
বার্সেলোনা ক্লাব ঘনিষ্ঠ সাংবাদিক আশরাফ বেন আইয়াদ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, "বার্সেলোনা এখন পুরোপুরি বুঝতে পেরেছে যে আলভারেজকে নিয়ে আতলেতিকো তাদের অবস্থানে অনড়। তারা এতটুকু ছাড় দেবে না। এখন সব নজর আলভারেজের ওপর। তিনি এই জট ছাড়াতে নিজে কোনো পদক্ষেপ নেন কি না, সেটাই দেখতে চায় বার্সা।"
আশরাফ বেন আইয়াদের মতে, বর্তমানে পুরো বিষয়টি আলভারেজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এই আর্জেন্টাইন ফরোয়ার্ড যদি নিজে উদ্যোগী হয়ে বার্সায় যোগ দেওয়ার জন্য আতলেতিকোর ওপর চাপ সৃষ্টি করেন, তবেই কেবল এই দলবদল সম্ভব হতে পারে।