আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ ঘটনার বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন স্পেনের মিডফিল্ডার দানি ওলমো। ম্যাচ শেষের বাঁশি বাজতেই আর্জেন্টিনার নাহুয়েল মলিনা স্পেনের মিডফিল্ডার রদ্রিকে একটি ফাউল করেন। সেই ফাউল নিয়ে প্রতিবাদ জানাতে যান রদ্রি। সেখান থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার এক পর্যায়ে বার্সেলোনা তারকা দানি ওলমোকে দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। তবে হঠাৎ আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা এগিয়ে এসে এরিক গার্সিয়া ও ওলমোর দিকে যান। এ সময় ওলমোকে ধাক্কা দেন তিনি।

.

পরে আয়ালা দাবি করেন, ‘ওটা ঘুষি ছিল না; বরং কিছু কথার প্রতিক্রিয়ায় দেওয়া একটি ধাক্কা।’ পাশাপাশি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। তবে আয়ালার এই দাবি মানতে রাজি নন ওলমো। দিওয়ারি দে তেরাসাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আয়ালার বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন।

.পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, জানাল ফিফা .

ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে বার্সেলোনার এই মিডফিল্ডার স্পষ্ট ভাষায় বলেন, ‘কেউ যদি বলে সে দুঃখিত; কিন্তু একই সঙ্গে ঘুষি মারার যৌক্তিকতা দেখিয়ে বলে যে এটি কারও মন্তব্যের প্রতিক্রিয়া ছিল, তাহলে সে আসলে মোটেও অনুতপ্ত নয়।’

.

ওলমোর দাবি, আয়ালা যে মন্তব্যের কথা বলেছেন, তেমন কিছুই তিনি বলেননি। ওই ঘটনার প্রসঙ্গে বলেন ওলমো আরও যোগ করেন, ‘তিনি মিথ্যা বলছেন। কারণ, আমি তাকে কিছুই বলিনি। তাই তার কাছে আমার ক্ষমা চাওয়ারও দরকার নেই। একজন মানুষকে তার ভুল নয়; বরং সেই ভুল স্বীকার করার সাহসই প্রকৃতভাবে সংজ্ঞায়িত করে।’

এরপর ওলমো স্পষ্ট করে বলেন, মাঠের বাইরের বিতর্ক নয়, তিনি চান মানুষ স্পেন দলকে মনে রাখুক, তাদের খেলার মানসিকতা ও আচরণের জন্য। ওলমো বলেন, ‘আমি চাই, আমরা কীভাবে লড়েছি, কীভাবে জিতেছি এবং সবচেয়ে বড় কথা, মাঠে আমাদের আচরণ কেমন ছিল—সেটি নিয়েই সবাই গর্ব করুক।’

.‘ফাইনাল শেষে আর্জেন্টিনার আচরণ ছিল অগ্রহণযোগ্য’.

শেষে দানি ওলমো বলেন, জয়-পরাজয়—দুই পরিস্থিতিতেই কীভাবে আচরণ করতে হয়, সেটির উদাহরণ তৈরি করা ফুটবলারদের দায়িত্ব, ‘ফুটবলের প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। আমরা খেলোয়াড়রা শিশু-কিশোর ও আগামী প্রজন্মের কাছে আদর্শ। তাই আমাদের কাঁধে বড় একটি দায়িত্ব রয়েছে।’