মুন্সীগঞ্জের শেখরনগরে এক কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনতা।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে শেখরনগর কালী মন্দির সড়কের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ঢাকার মাতুয়াইল এলাকার আ. জব্বার ও নবাবগঞ্জ জেলার গালিমপুর এলাকার অটোরিকশাচালক মুক্তার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সি ওই কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে বাড়ৈখালী এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাকে অটোরিকশায় তোলার মুহূর্তে স্থানীয় জনতা সন্দেহ হলে হাতেনাতে ওই দুইজনকে আটক করে।

পুলিশ জানায়, জনতা তাদের শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীটিকে অপহরণের উদ্দেশ্যেই এ চেষ্টা চালানো হয়েছিল।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আক্কাস জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।