ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দের মধ্যকার একটি প্রীতি ম্যাচে খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। এই ঘটনায় তিনি কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্সের পূর্বাঞ্চলের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৪০তম মিনিটে জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে আরও কয়েকজন খেলোয়াড় জড়িয়ে পড়েন। এই বিশৃঙ্খলা সামাল দিতে এগিয়ে যান রেফারি দেমোঁসে। তবে খেলোয়াড়দের ধাক্কাধাক্কির মুখে তিনি এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে। উল্লেখ্য, মাঠের যে স্থানে এই ঘটনা ঘটে, তার পাশেই বড় করে লেখা ছিল—‘রেফারিকে সম্মান করুন’।
আঘাত পাওয়ার পর দেমোঁসে কয়েক মিনিট মাঠেই পড়ে ছিলেন এবং নিজের হাত ধরে ছিলেন। তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মাঠে ছুটে আসেন চিকিৎসক, নিরাপত্তাকর্মী ও সহকারী রেফারি।
২৬ বছর বয়সী এই রেফারি খেলা পুনরায় শুরু হলে সহকারী রেফারির দায়িত্বে ফিরেছিলেন। তবে বিরতির সময় তিনি মাঠ ছেড়ে চলে যান এবং তাঁর পরিবর্তে অন্য একজন সহকারী রেফারি দায়িত্ব গ্রহণ করেন।
ম্যাচটিতে ৩-১ গোলে পরাজিত হওয়া ফরচুনা সিতার্দ তাদের ওয়েবসাইটের প্রতিবেদনে ঘটনাটিকে ‘ব্যতিক্রমী একটি মুহূর্ত’ বলে উল্লেখ করলেও বিস্তারিত কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, মেৎজ তাদের ম্যাচ প্রতিবেদনে এই ঘটনার কোনো উল্লেখই করেনি।