কমনওয়েলথ গেমসের বক্সিং ইভেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশি বক্সার রাকিব হোসেন। প্রতিযোগিতার চতুর্থ দিনে ৫৫ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোর লড়াইয়ে ৫-০ পয়েন্টে পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। আগামী মঙ্গলবার এই আসরের কোয়ার্টার ফাইনালে রাকিবের প্রতিপক্ষ হিসেবে লড়বেন অস্ট্রেলিয়ার জে ডিক্সন।
এর আগে রাউন্ড অব ৩২-এ সোলোমন দ্বীপপুঞ্জের তেতেকানা ক্লিনটনকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিলেন রাকিব। বর্তমানে তিন বাংলাদেশি বক্সারের মধ্যে রাকিব হোসেন দুই রাউন্ড জিতে এগিয়ে আছেন। বাকি দুই বক্সার যুক্তরাষ্ট্রপ্রবাসী জিনাত ফেরদৌস ও রুহিন রেজা আগামীকাল রিংয়ে নামবেন।
বক্সিংয়ে সাফল্যের খবরের বিপরীতে সাঁতারে হতাশার দিন পার করেছেন বাংলাদেশ। ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়া আক্তার নিজের হিটে ছয়জনের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। সাঁতার শেষ করতে তাঁর ১ মিনিট ৭.৭০ সেকেন্ড সময় লেগেছে, যা তাঁর আগের সেরা টাইমিং ১ মিনিট ০৫.০৫ সেকেন্ডের চেয়ে খারাপ। সামগ্রিকভাবে এই ইভেন্টে ৬৪ জনের মধ্যে ৬১তম হয়েছেন সোনিয়া।
অন্যদিকে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নেমে আশানুরূপ ফল করতে পারেননি সুকুমার রাজবংশী। নিজের আগের টাইমিং ২৯.৯২ সেকেন্ডের বিপরীতে এবার ৩০.৯০ সেকেন্ড সময় নিয়ে হিটে দ্বিতীয় হয়েছেন তিনি। সব মিলিয়ে ৫৮ জনের মধ্যে সুকুমারের অবস্থান ৪৪তম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকসে অংশ নিচ্ছে বাংলাদেশ।