বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত তিন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া ইউজিসির তিন সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. সাইদুর রহমান এবং মোহাম্মদ আইয়ুব ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আখতার হোসেন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক এর আগে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন।