প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

গত ১৮ জুন থেকে কারাগারে থাকা আহমেদ জোবায়েরের এটি চতুর্থবারের মতো জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়া। তাঁর আইনজীবী ফরহাদ হোসেন মুক্তকণ্ঠকে জানান, “আমরা জামিনের আবেদন করেছিলাম। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।”

মামলার অন্যান্য আসামিদের মধ্যে দুজন বর্তমানে পলাতক এবং তিনজন জামিনে মুক্ত রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১০ মে সময় টিভির মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে ঢাকার আদালতে এই মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে গত ১৮ জুন আহমেদ জোবায়েরসহ চার আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত অন্য তিনজনের জামিন মঞ্জুর করলেও আহমেদ জোবায়েরের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।