কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এক নারী ও তিন শিশুকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ৬০ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ওই চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাঁদের শনাক্ত করে। পরিস্থিতি মূল্যায়নের পর বিজিবির টহল দল তাঁদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে সীমান্ত থেকে ফিরিয়ে দেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে বলে জানান সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম। তিনি বলেন, “একই সঙ্গে সীমান্তনিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”