আওয়ামী লীগ অতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে দমন-পীড়ন চালিয়েছে, তার জন্য হাজারবার ক্ষমা চাইলেও জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত ঘটনাগুলোর কারণে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা সহজে মুছে যাওয়ার নয়।
সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
হাবিবুর রহমান হাবিব জানান, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর যে নির্মম দমন-পীড়ন চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে এবং আমরাও অতীতে অনেক আন্দোলন করেছি, কিন্তু এবারের মতো ভয়াবহ পরিস্থিতি আগে কখনও দেখিনি। আন্দোলনের সময় ঘরে বসে থাকা ছোট ছোট শিশুদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, যা চরম অমানবিক।
তিনি আরও বলেন, এই আন্দোলনে শত শত মানুষ অন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এখনও হাজার হাজার মানুষ হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। কোনো অপরাধ ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের ওপর যেভাবে গুলি চালানো হয়েছে, তার কোনো ক্ষমা নেই বলেও তিনি মন্তব্য করেন।
হাবিবুর রহমান হাবিব আরও বলেন, মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভের কারণেই আওয়ামী লীগের পক্ষে আর সহজে রাজনীতিতে ফেরা সম্ভব হবে না। তাঁর মতে, জুলাই আন্দোলনের ঘটনাগুলো দেশের মানুষের স্মৃতিতে দীর্ঘদিন ধরে রয়ে যাবে এবং সেই বাস্তবতা রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলবে।