বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে আর্জেন্টিনা দলের সকল খেলোয়াড়কে বিশেষ উপহার দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। দলটির ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সেই বিশেষ উপহারটি সবার সামনে নিয়ে এসেছেন।

প্রকাশিত ভিডিওতে বাওয়ার্স একটি পারসোনালাইজড মাতে সেট (ভেষজ পানীয় পানের বিশেষ পাত্র ও আনুষঙ্গিক সামগ্রী) প্রদর্শন করেন। আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় ভিডিওতে তিনি একটি বাদামি রঙের ব্যাগ দেখান, যাতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো এবং বিশ্বকাপ ট্রফির ছবি খোদাই করা ছিল। এছাড়া ব্যাগের সামনে বড় করে লেখা ছিল ‘মার্কোস সেনেসি’।

ভিডিওর শুরুতে বাওয়ার্স বলেন, ‘তোমাদের দারুণ একটা জিনিস দেখাতে চাই। এটা মার্কোসের টুর্নামেন্ট থেকে পাওয়া একটি পারসোনালাইজড ব্যাগ। দেখো, এতে ওর নামও লেখা আছে।’ উপহারটি সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি আরও বলেন, ‘এটি ওর মাতে পানের সেট। মেসি দলের সব খেলোয়াড়কে এটি উপহার দিয়েছেন।’

উপহার হিসেবে পাওয়া ওই ব্যাগের ভেতরে ছিল লিওনেল মেসির ব্র্যান্ডের লোগো সংবলিত একটি সোনালি রঙের স্ট্যানলি থার্মোস। সেই সঙ্গে ছিল একটি মাতে পাত্র, এক প্যাকেট ইয়েরবা মাতে (ভেষজ পাতা) এবং একটি ধাতব স্ট্র বা বোম্বিয়া, যার নিচের অংশে ছাঁকনি ও চামচের মতো অংশ যুক্ত থাকে।

উপহারটি বর্তমানে তাঁর কাছে থাকার কারণ ব্যাখ্যা করে বাওয়ার্স বলেন, ‘মার্কোস এটি নিরাপদে রেখে মায়ামিতে ফিরিয়ে নেওয়ার জন্য আমার কাছে দিয়েছিল।’ ভিডিওতে তিনি ইয়েরবা মাতের প্যাকেটটিও প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে।