নেত্রকোনা সদর উপজেলায় নিজ ঘরের বিছানা থেকে এক কৃষকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর উপজেলার দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।
নিহত মাহফুল মিয়া (৩৫) সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে একা ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর পৌনে পাঁচটার মধ্যবর্তী সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে গলা কেটে হত্যা করে। ভোরে মাহফুলের মা ঘুম থেকে জেগে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর টর্চের আলোয় তিনি বিছানায় ছেলেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাশিয়া ফান্নানা এবং নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার মুক্তকণ্ঠকে বলেন, "প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।"
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই বিষয়ে জানতে শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন।