জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রধান ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবস উদ্‌যাপনের সময় রাতে লাউড স্পিকার ও আতশবাজি ব্যবহারের মাধ্যমে তীব্র শব্দদূষণ, জন-উপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল প্রদান করেন।

গত ৯ জুলাই মোহাম্মদ শফিকুল ইসলামসহ সুপ্রিম কোর্টের আট আইনজীবী একটি রিট আবেদন দাখিল করেন। সেখানে উল্লেখ করা হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬ উদ্‌যাপনের কেন্দ্রবিন্দুতে সমর্থকদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ফলে প্রাণনাশের ঝুঁকি, সহিংসতা, জনদুর্ভোগ, শব্দদূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটতে পারে। এই ধরনের পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তার বিষয়টি রিটে উত্থাপন করা হয়। পরবর্তীতে আবেদনকারী পক্ষ একটি সম্পূরক আবেদনও জমা দেয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রুলের বিষয়ে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক প্রধান ক্রীড়া অনুষ্ঠান এবং বছরের বিভিন্ন দিবস উদ্‌যাপনের সময় রাতে লাউড স্পিকার ও আতশবাজি ব্যবহারের মাধ্যমে তীব্র শব্দদূষণ, জন–উপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ এবং জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল দিয়েছেন হাইকোর্ট।’