নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে বিদায় নিতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর এই প্রস্থান হতে যাচ্ছে অনেকটা রংহীন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত মো. সাহাবুদ্দিনসহ মোট ১৭ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ তালিকায় দুজন রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া কেউ কেউ স্বল্প সময়ের জন্য দায়িত্ব সামলেছেন অথবা অস্থায়ী হিসেবে নিয়োজিত ছিলেন। অধিকাংশ রাষ্ট্রপতির ক্ষেত্রেই দেখা গেছে, মেয়াদের আগেই তাঁদের পদ ছাড়তে হয়েছে। এর আগে আবদুর রহমান বিশ্বাস, ইয়াজউদ্দিন আহম্মেদ এবং এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিদায় ছিল নীরব। বর্তমান পরিস্থিতিতে মো. সাহাবুদ্দিনের বিদায় প্রক্রিয়াটিও একইভাবে নীরবে সম্পন্ন হতে যাচ্ছে।