রাজধানীর শেরেবাংলা নগর থানার শেওড়াপাড়া সড়কে হিমালয় পরিবহনের একটি বাসের ধাক্কায় সবুজ রহমান (৩০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় রাইড শেয়ারিং চালক ছিলেন। এই ঘটনার পর বাসটির চালক ও সহকারীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সবুজকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী সজিব খান জানান, রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে শেওড়াপাড়া সড়কে একটি ভিড় দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, রাইড শেয়ারিংয়ের কাজ করা সবুজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হিমালয় পরিবহনের বাসের ধাক্কায় আহত হন।
সজিব খান বলেন, "দুর্ঘটনার পর বাসটির একটি চাকা সবুজের হাতের ওপর দিয়ে চলে যায়। এ সময় তাঁর মাথায় থাকা হেলমেটও ভেঙে যায়।"
তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় দ্রুত সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেলে থাকা অপর আরোহী সামান্য আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সবুজ রহমান নীলফামারী জেলার ডিমলা থানার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরে বসবাস করতেন।