রংপুর নগরীর খলিফাপাড়ার কাজীবাড়ি রোডে আজ শনিবার বিকেলে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে খসে পড়া ইটে এক রিকশাচালক নিহত হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চঞ্চল নামে ওই রিকশাচালকের (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত চঞ্চলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তিনি রংপুরে ভাড়া করা রিকশা চালিয়ে সংসার চালাতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী রবিউল ইসলামের অধীনে নির্মাণাধীন ওই ছয়তলা ভবনে তখন শ্রমিকরা কাজ করছিলেন। রাস্তা দিয়ে খালি রিকশা নিয়ে যাচ্ছিলেন চঞ্চল। হঠাৎ ছাদ থেকে কয়েকটি ইট খসে তার মাথায় আঘাত করে। এতে তিনি রিকশা থেকে ছিটকে সড়কে লুটিয়ে পড়েন।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, "চঞ্চলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"