কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত মো. হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। অন্যদিকে, আহত মো. খোকন মিয়া একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।

স্থানীয়দের জানান, শুক্রবার সকাল ৬টার দিকে খোকন মিয়ার নেতৃত্বে আটজনের একটি দল ধনিয়াপাতা সংগ্রহের জন্য পাশের বৈরাটিয়াপাড়া গ্রামে যায়। ওই সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। কাজরত অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন মো. হেলিম। বিকট শব্দে অচেতন হয়ে পড়েন পাশে থাকা খোকন মিয়া। পরে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মো. হেলিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"