কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে ড্রেজার পরিচালনার অভিযোগে এক যুবকের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ সময় ব্যবহৃত ড্রেজারটিও জব্দ করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিখলা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। জরিমানাকারী যুবক মো. বায়জিদ হোসেন হৃদয় করিমগঞ্জ উপজেলা সদরের বকুল মিয়ার ছেলে।

অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর প্রাবধান্যে অবৈধভাবে ড্রেজার পরিচালনার অভিযোগে বায়জিদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ড্রেজারটি জব্দ করে নেওয়া হয়।

অভিযান শেষে তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে বায়জিদ হোসেন হৃদয় মুচলেকা দিয়েছেন। অবৈধভাবে ড্রেজার পরিচালনার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।