মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল মাদকদ্রব্য কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ তুষার শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগর থানার দেলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার তুষার শেখ শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকার বাসিন্দা। তিনি মৃত শেখ করিমের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় ভাড়াকৃত একটি বসতবাড়ির উঠান থেকে তুষার শেখকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ১১০ বোতল ‘উইন কোরেক্স’ (ফেন্সিডিল জাতীয় মাদক) এবং পিতলের তৈরি ৩২ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, গ্রেপ্তার তুষার শেখের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।